ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

জুলাই অভ্যুত্থানের ১১ নাটক নিয়ে শিল্পকলায় নাট্য উৎসব শুরু

ads

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (৩১ জুলাই) শুরু হয়েছে ৯ দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ নাট্য উৎসব ২০২৫’। মনসুন রেভ্যুলেশন স্পিরিট উপজীব্য এই উৎসবের প্রতিপাদ্য—‘নাটকের ভাষায় ইতিহাসের পুনর্জন্ম’।


উৎসব চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত। দেশের ১১টি খ্যাতনামা নাট্যদল পরিবেশন করবে ১১টি নাটক, যা নির্মিত হয়েছে ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও সমকালীন সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে।উৎসবের উদ্বোধন হয় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক ফয়েজ জহির।

উদ্বোধনের পর মঞ্চস্থ হয় নাটক ‘রি-রিভোল্ট’, পরিকল্পনা ও নির্দেশনায় নায়লা আজাদ। প্রযোজনা করেছে ‘টিম কালারস’। নাটকটি ২০২৪ সালের আন্দোলনের দৃশ্যপটকে নৃত্যনাট্যের মাধ্যমে তুলে ধরেছে। মঞ্চে প্রতিবাদ, রাস্তায় বিক্ষোভ, র‍্যাপ ও হিপ-হপের মিশ্রণে ফুটে ওঠে একুশ দিনের গণঅভ্যুত্থানের স্পিরিট।


কোরিওগ্রাফিতে ছিলেন উম্মে হাবিবা ও সাগত মজুমদার, শব্দ পরিকল্পনায় রোকোন ইমন, আলোক পরিকল্পনায় পলাশ হেনডি সেন, গ্রাফিতিতে বিজয় দাস। নৃত্যশিল্পী হিসেবে অংশ নেন উম্মে হাবিবা, মাইশা আহমেদ রোজা, রামিস যাহারসহ ২০ জনেরও বেশি তরুণ শিল্পী। আগামীকাল ১ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে দীপক সুমনের ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ এবং পরীক্ষণ থিয়েটার হলে শাকিল আহমেদ সনেটের ‘দেয়াল জানে সব’।


নাট্য প্রদর্শনীগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশপত্র জাতীয় নাট্যশালার কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।


ads
ads
ads

Our Facebook Page